নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্য পুলিশের হাতে গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে সোহেল রানা (২৫) নামে এক সংবাদ কর্মীকে বেধরক মারধর করে প্রকাশ্যে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই সাংবাদিক দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি।
রবিবার দুপরে সাভার উপজেলা পরিষদে এ ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সংবাদকর্মী দৌড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ইউএনও কার্যালয় থেকে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, হামলার শিকার সংবাদ কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা জানায়, রবিবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে সাভার উপজেলা পরিষদে যাই। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ২০-২৫ জন দুর্বৃত্ত আমার উপর হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আমাকে ছুড়ি দিয়ে হত্যার চেষ্টা করলে আমি তাদের হাত থেকে রক্ষার জন্য দৌড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেই। এসময় হামলাকারীরা সাভার উপজেলা চেয়ারম্যানের বাসভবনের ভিতরে অবস্থান নেয়।
তিনি আরও বলেন, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে মা-মেয়েকে শ্লীলতাহানীর ঘটনায় পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। এঘটনায় সংবাদ প্রকাশ করা হলে ইউপি সদস্যের ভাই সাবেক আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি সামিউল আলম শামীম ও তার অনুসারীরা আমাকে ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় রবিবার সকালে সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
গ্রেফতার শফিউল আলম সোহাগ রবিবার দুপুরে জামিনে বের হওয়ার পরই সোহাগ ও তার ভাই শামীমের অনুসারীরাই আমার উপর হামলা চালিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এসময় ওই সংবাদ কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বিষয়টি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের ভিতরে সংবাদ কর্মীর উপর হামলা এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনিয় ব্যাপার। অতীতে দেশের কোন উপজেলা পরিষদে এমন ঘটনা ঘটার কোন তথ্য নেই। এঘটনায় বিষয়টির সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি ।
Leave a Reply