শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ,ঢাকা, বুধবার:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। আসন্ন বর্ষা মৌসুমের আগে আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি জাতীয় সংসদ সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান, জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় প্রতি শনিবার বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে।

তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো গেলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ইতোমধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড় থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

প্রধানমন্ত্রী জানান, পরিষ্কার পানিতে জমে থাকা স্থির পানিতেই এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে। তাই ড্রেন, ডোবা, নর্দমা ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সবাইকে ঘরের ভেতর ও বাইরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা ছাদে যেন কোথাও পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। পানির ট্যাংকও ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।

শেষে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল কথা হলো—প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com