কুবি প্রতিনিধি
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ২১ দিনের ছুটি শেষে আগামী ১৬ মে (সোমবার) শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। প্রিয়জনদের সাথে ঈদ কাটিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনা।
করোনা মহামারীর সময় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে এবারের একাডেমিক কার্যক্রম রমজানের মধ্যেও ২১ এপ্রিল (১৯ রমজান) পর্যন্ত এবং প্রশাসনিক কার্যক্রম ১লা মে (২৯ রমজান) পর্যন্ত চলমান ছিল। একাডেমিক ও প্রশাসনিক ছুটি ১৫ মে (রবিবার) শেষ হয়ে সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সচল হবে।
দীর্ঘদিন ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে তৌকির আহমেদ নামে এক শিক্ষার্থী জানান, পরীক্ষা থাকায় ২৬ রমজান পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। এখন আবার ক্যাম্পাসে ফিরে এসেছি৷ সবার সাথে যোগাযোগ হবে, আড্ডা হবে। সবকিছু আবার আগের মতো চলমান হবে ভাবতেই ভালো লাগছে।
এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, বিভিন্ন একাডেমিক পরিকল্পনার পাশাপাশি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিছু প্রশাসনিক কাজ আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। কাজে গতি আনার জন্য প্রশাসনের সবাইকে বলেছি তারা যেন ক্যাম্পাসে ফিরে। আমি নিজেও আগেই চলে এসেছি, কারণ অভিভাবককে তো আগেই চলে আসতে হয়। আমাদের শিক্ষার্থীরাও ইতোমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছে। প্রশাসনের সবারও এখন এখানে উপস্থিত থাকতে হবে, প্রভোস্ট ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে আবাসিক হল, ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বিভিন্ন প্রস্তুতির বিষয় আছে।
Leave a Reply