সোহেল রানা , ঢাকা :
ঢাকার সাভারে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আজ মঙ্গলবার সকাল ৮টায় সাভার হাইস্কুল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন সাভার মডেল থানা জামে মসজিদের ইমাম হাফেজ মোহম্মদ ওমর ফারুক। এরপর সকাল সাড়ে ৮টায় সাভার সরকারি কলেজ তারাপুর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা যায়, করোনাকালের প্রায় দুই বছর পর খোলা ময়দানে ঈদের নামাজে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে সাভার হাই স্কুল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান ও সাভার সরকারি কলেজ তারাপুর ময়দানে। ঈদের প্রধান জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুসল্লিরা দলে দলে আসতে থাকেন। ঈদগাহ্ ময়দানে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জামাতে ঈদের নামাজ আদায়ের জন্য এক সারিতে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ সাধারণ মানুষ।
সাভার সরকারি কলেজ তারাপুর মাঠে জামাতে অংশ নেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম ।

এদিকে কেন্দ্রীয় প্রধান জামাতে অংশ নেন সাভার হাই স্কুল কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানের সভাপতি সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ কবির, সাভার হাই স্কুল কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানের সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, ইআরডি’র অতিরিক্ত সচিব মোহাম্মদ বাকি মিয়া, কোষাধক্ষ্য দিরগজ আলী , নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন , অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও আশরাফ হোসেন চৌধুরী পারভেজ প্রমুখ ।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।
পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply