মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের বিরুদ্ধে ভ্যাকসিন দিতে টাকা নেওয়ার অভিযোগ ও অনিয়মের ঘটনা তদন্তে মাঠে নেমেছে তদন্ত কমিটি।
আগামী মঙ্গলবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবেন।হবিগঞ্জের সিভিল সার্জন ডা.মোহাম্মদ নূরুল হককে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির অপর দুই সদস্য হচ্ছেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুখলিছুর রহমান ও প্রশাসনিক অফিসার সিভিল সার্জন অফিস হবিগঞ্জ মো. শাহ আলম।সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিল্লুর রহমান ও অভিযোগকারী উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মোঃ সফিক মিয়াকে তথ্য প্রমাণসহ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
অপরদিকে এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনের ঘটিত পৃথক তদন্ত কমিটি গত ২ এপ্রিল তদন্ত করে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন এখনও দাখিল হয়নি বলে জানা গেছে।প্রসঙ্গত, হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিল্লুর রহমানের বিরুদ্ধে ভ্যাকসিন দিতে টাকা নেওয়ার অভিযোগ ওঠেছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। এরপর শুরু হয়েছে এ নিয়ে আলোচনা। জিল্লুরের বিরুদ্ধে বিদেশগামীদের করোনার ভুয়া সনদ দেওয়ারও অভিযোগ ওঠে। তার দেওয়া ভুয়া সনদ নিয়ে প্রবাসগামী যাত্রীরা বিমানবন্দরে গিয়ে আটক হয়ে বাড়িতে ফিরে আসেন। এ বিষয়ে কমিউনিটি ক্লিনিক পরিচালকের (অতিরিক্ত সচিব) নিকট লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
Leave a Reply