সাভার প্রতিনিধি : সাভারে আবারো বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। এবার পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং সদস্যকে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করেছে অপর একটি গ্যাংয়ের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নয়টার দিকে সাভারের শিমুলতলা সিআরপি রোড এলাকায়। এ ঘটনায় আহত কিশোর আমিন (১৭) শিমুলতলা এলাকার স্থানীয় এক চা দোকানীর ছেলে চা।
শনিবার সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হুদা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে সবাই মসজিদে তারাবির নামাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সিআরপি রোডের শিপনের মুদি দোকানের সামনে মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয় ও আশেপাশের এলাকা থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এ সময় স্থানীয় কিশোরগ্যাং সদস্য আমিনের পিঠে ছুরিকাঘাত করে ও দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী এলাকার কিশোর গ্যাং সদস্যরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত আমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও আহত কিশোরের রক্তমাখা জুতাসহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।
এদিকে কিশোর আমিনের অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply