ব্যুরো প্রধান, বরিশালঃ বরিশালের আড়িয়াল খাঁ নদে গভীর রাতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চরমোনাই ইউনিয়নের নলচর এলাকার আড়িয়াল খা নদে বুধবার রাতে এই দুর্ঘটনা হয়।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এ তথ্য বাংলাদেশ বুলেটিন ডট কমকে নিশ্চিত করেছেন।
নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাইয়ে মাহফিলে যোগ দিতে আসছিলেন মুসল্লিদের একটি দল। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
স্থানীয় বুলবুল আকন জানান, ট্রলারটিতে অন্তত ৩০ যাত্রী ছিল। কেউ সাঁতরে তীরে উঠেছেন কি না তা তিনি নিশ্চিত নন।
নৌ ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘রাতে ১ টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
Leave a Reply