আল নোমান শান্ত, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’ এমন চিরকুট লিখে নেত্রকোনার দুর্গাপুরে রণধীর তালুকদার (৩৪) নামের ব্র্যাকের এক মাঠকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে নিহত রনধীর তালুকদারের স্ত্রী স্বপ্না রানী সরকার(২৭) কুমুদগঞ্জ ব্র্যাক শাখার ম্যানেজার কাজী মঞ্জুরুল হকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। রণধীর তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের শমীপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রনধীর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ ব্র্যাক শাখায় আড়াই বছর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। চাকরি সুবাদে একই ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো সকালে কাজে চলে যায় রণধীর এরপর বিকেলে বাসায় ফিরে আসলেও দীর্ঘ সময় রণধীর দরজা বন্ধ এবং কোনো সাড়া না পাওয়ায় তার সহকর্মী আশরাফুল ইসলাম দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রণধীর। এমন দৃশ্য দেখে তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রণধীরের বিছানার পাশে একটি চিরকুট পায় এবং লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, ইতিমধ্যে নিহতের স্ত্রী স্বপ্না সরকার অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অতিদ্রুত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply