বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
ফেনসিডিল চোরাচালান মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো, যশোরের বেনাপোলের বুজতলা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম, নোয়াখালির সেনবাগ থানার আহাম্মদপুর (পণ্ডিত বাড়ি) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ড্রাইভার আব্দুল কুদ্দুস ও মৃত এরশাদ উল্লা মাস্টারের ছেলে গোলাম মাওলা।
মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়ারা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আবু সেলিম রানা ও অ্যাডভোকেট বিমল কুমার রায়।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১০ অক্টোবর সকাল ৮টায় যশোরের র্যাব-৬ এর সদস্যরা বেনাপোল সড়কের গলফ ফিলিং স্টেশনের সামনে ফিরোজা কার্গো গাড়ি থেকে ১২টি চটের বস্তায় ২২৪৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে ডিএডি আফজাল হোসেন বাদী হয়ে চোরাচালান দমন আইনে তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন এসআই মাহফুজুল হক এজাহারভুক্ত তিনজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন।
এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেকের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আবুল কালাম আটক রয়েছেন। আর চালক আব্দুল কুদ্দুস ও গোলাম মাওলা পলাতক রয়েছে।
Leave a Reply