সোহেল রানা,সাভার(ঢাকা):
সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার(২৭ জানুয়ারী) বিকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে সাভার উপজেলার অন্তর্গত ১২ টির মধ্যে ১১টি ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের কাছে এই শপথ গ্রহণ করেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৯ জন এবং স্বতন্ত্র দুইজন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন, সাভার সদর ইউনিয়নে নৌকা প্রতীকে সোহেল রানা,ভাকুর্তা ইউনিয়নে নৌকা প্রতীকে লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়নে নৌকা প্রতীকে রকিব আহমেদ, বিরুলিয়া ইউনিয়নে আনারস প্রতীকে সেলিম মন্ডল, কাউন্দিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাইফুল আলম খান,আশুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে এবিএম আজহারুল ইসলাম সুরুজ, পাথালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়নে নৌকা প্রতীকে সৈয়দ আহমদ ভূঁইয়া, এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফখরুল আলম সমর।
তবে বৃহস্পতিবার শপথ গ্রহনকালে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ছাড়া অন্য ১০ জনকে মুজিব কোট পরিহিত অবস্থায় দেখা যায়।
নৌকা প্রতীকের বিপরীতে নির্বাচিত হয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সেলিম মন্ডল আনারস প্রতীকে এবং কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সাইফুল আলম খান ঘোড়া প্রতীকে।
এদের মধ্যে সেলিম মন্ডল সাভার উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে বহিস্কৃত। সাইফুল আলম খান সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
Leave a Reply