সোহেল রানা,সাভার(ঢাকা):
সাভারের আশুলিয়ায় অপহরণকারী চক্রের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ভুক্তভোগীকে উদ্ধার করে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ। এর আগে গতকাল বুধবার ১৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য ইকরামসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, দিনাজপুর জেলার পাবর্তীনগর থানার মশথপুর গ্রামের মৃত কাজল হোসেনের ছেলে ইয়াছিন(১৯), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিগারহাওলা গ্রামের রুবেল মিয়ার ছেলে অন্তর (২০) এবং ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মইশা হাটা গ্রামের তোতা মিয়ার ছেলে শাহিন (১৯)। তারা সবাই দীর্ঘদিন ধরে আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছিল।
অপহরণের শিকার হওয়া ভুক্তভোগী নরসিংদী জেলার শিবপুর থানার বাসিন্দা। বর্তমানে সে দেশের বাহিরে যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার গৌরিপুর এলাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে (সিবিটি) প্রশিক্ষণ নিচ্ছেন।
অপহরণের শিকার হওয়া ওই যুবকের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে মাকসুদুল তার বন্ধুকে গ্রামের বাড়ি খুলনায় যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। পরে তাকে একটি গাড়িতে উঠিয়ে দিয়ে ট্রেনিং সেন্টারের দিকে ফিরে যেতে থাকেন। এমন সময় ফুটওভার ব্রিজ পারি দিয়ে সেনাশপিং কমপ্লেক্সের সামনে নামলে একটি রিকশা পুর্ব পরিকল্পিত ভাবে তার উপর উঠিয়ে দেয়। এতে সে আহত হলে তাকে চিকিৎসার কথা বলে অপহরণ করে কুরগাও এলাকার মাতৃছাড়া স্কুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তার নিকটে থাকা নগদ ১৫শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মোবাইলের বিকাশ এবং রকেটের পিন নাম্বার জানতে চায়। পিন নাম্বার না বলায় তাকে বেধরক মারপিট করে ও প্রাণনাশের হুমকি দেয়।
পরে তার পরিবারের কাছে ফোন দিয়ে মুক্তিপন হিসেবে ২০ হাজার টাকা দাবি করে। তখন ভুক্তভোগীর বোন অপহরণকারী চক্রের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫শ টাকা পাঠায়। এ খবর শুনে তার বন্ধু জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯-এ ফোন করে। ফোন পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণের শিকার যুবককে উদ্ধার করে এই চক্রের সাথে জড়িত তিন অপরহণকারীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও কয়েকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ‘৯৯৯ -এ কল পেয়ে বিকাশ লেনদেনের সূত্রধরে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply