শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
সাঘাটা থানায় ৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে মামলাটি করেন নিহতের বাবা ওমর আলী। মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত আবু তাহেরের বাড়ি সাঘাটা উপজেলার জুমার বাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে টিউবওয়েল প্রতীকের সদস্য পদপ্রার্থী আইজল মিয়ার সমর্থক ছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ভোট চলাকালে বিকেল ৩টার দিকে জুমার বাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুমার বাড়ী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের বাইরে আবু তাহেরের সঙ্গে আরেক সদস্য প্রার্থী রাসেল আহমেদের কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা আবু তাহেরের গলা কেটে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, হত্যার ঘটনার পর থেকে রাসেলের পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা পলাতক রয়েছে । তাদের ধরতে অভিযান চলছে।
Leave a Reply