সোহেল রানা,সাভার (ঢাকা):
ঢাকার অদূরে সাভারের তুরাগ নদে স্থানীয় জেলেদের জালে প্রায় ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন ধরা পরেছে ।
রবিবার (২জানুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার আশুলিয়া বাজারঘাট এলাকায় মৃত ডলফিন ভাসতে দেখেন জেলেরা। পরে জাল ফেলে মাছটি তীরে উঠিয়ে আনেন তারা।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, বাজারঘাটে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় বিশাল আকারের একটি মরা মাছ ভাসতে দেখতে পেয়ে জাল ফেলে তুলে আনেন। মাছটির মুখে রক্তের ছোপ ছিল। এত বড় মাছ দেখতে তীরে মুহুর্তের মধ্যে অনেকে ভিড় করে।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার জানান, এটির নাম গ্যাংগিজ ডলফিন বা গাঙ্গের শুশুক। পদ্মা ও যমুনা নদীতে একসময় এর অভয়াশ্রম ছিল। তবে গত ১০-১৫ বছরের মধ্যে এই অঞ্চলে এ রকমের শুশুক দেখা যায়নি বুড়িগঙ্গাতেও একসময় দেখা যেত মাছটি। হয়তো কোনোভাবে এটি বুড়িগঙ্গায় এসেছিল।
কী কারণে এটি মারা যেতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকার আশপাশের পরিবেশ দূষণের কারণে জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন। এ মাছের যে খাদ্যাভ্যাস সেটা এখন আর তুরাগ নদীতে নেই। বিষাক্ততা, খাদ্যস্বল্পতা বা কোনো রোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে।
কামরুল ইসলাম সরকার আরও জানান, এটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃতদেহটি তাদের ল্যাবে পাঠানোর চেষ্টা করছি।
Leave a Reply