সোহেল রানা, সাভার (ঢাকা):
আসন্ন ৫ম ধাপের নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে নৌকার বিদ্রোহী প্রার্থী ৬ জনকে আওয়ামীলীগ থেকে আজীবনের জন্য বহিঃষ্কারের সুপারিশ করেছে আশুলিয়া থানা আওয়ামীলীগ। সোমবার(২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়া এলাকায় এক সভায় এ সিদ্ধান্ত নেন ঢাকা জেলা, সাভার উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তক্রমে ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিঃষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন। তিনি বলেন, এ সকল বিষয় রেজুলেশন আকারে কেন্দ্রে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নৌকার মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী বহিঃষ্কৃত ৬ জন হলেন, পাথালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, আশুলিয়ার স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়ার স্বতন্ত্র প্রার্থী ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শিমুলিয়া স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুর রহমান মাস্টার ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশুলিয়া থানা যুবলীগের সদস্য মাসুদ আল নূর সজীব।
সকল কমিটিতে বহিঃষ্কৃতদের শুন্যস্থান পূরণ করার জন্য স্ব স্ব কমিটির বিভিন্ন নেতাকর্মীকে দায়িত্ব দেয়া হয়েছে। আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্দেশনা আছে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যারা যাবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আজকের সভায় দলের যারা বিদ্রোহী প্রার্থী আছেন তাদের ব্যাপারে বহিঃষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সিদ্ধান্ত রেজুলেশন আকারে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দিব। যারা পদে ছিলেন তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে সেই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply