ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অম্যান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭ জন আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতি দেয়া হয়।
আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শহিদুল ইসলাম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি গোলবার হোসেন, গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ও সদস্য রজব আলী বাবলু, বিলচলন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আকতার হোসেন এবং ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অব্যাহতির কারণসহ বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
সংবাদ সম্মেলনে এস এম নজরুল ইসলাম বলেন, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে অনেকে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী ও জেলা আওয়ামীলীগের পরামর্শক্রমে গঠনতন্ত্রের ৪৭ এর (ট) ধারা মোতাবেক তাদের দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।
সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যেসকল আওয়ামীলীগের নেতারা কাজ করছেন তাদের তালিকা তৈরী করা হচ্ছে। খুব শিগগরিই তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সহিংসতা পরিহার করে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেয়ার আহবান জানান তিনি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবদুর রাজ্জাক জকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: শামসুজ্জোহা, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ ও হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম বকুল, হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব মকবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply