মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
জাতিসংঘ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস.ডি.জি. অগ্রগতি পুরস্কার পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলাদেশের উন্নয়ন ও সরকারের ভূমিকা” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১৯ অক্টোবর) চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়্যালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মাননীয় মুখ্য সচিব ও চবি এলামনাই ড. আহমদ কায়কাউস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
ড. আহমদ কায়কাউস তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ সেমিনারে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য চবি মাননীয় উপাচার্যের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেমিনারে জ্ঞানগর্ভ, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকে তাঁর চিন্তা-চেতনায় ধারণ ও লালন করেন বলেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এবং বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্ব সভায় প্রশংসিত হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আরও বলেন, দারিদ্র বিমোচনে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশ্ব দরবারে প্রশংসিত। বিশেষ করে নারীর ক্ষমতায়নে এশিয়ার অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ অনন্য এবং গৃহহীনদের বিনামুল্যে বাসস্থানের ব্যবস্থা গ্রহণ যা বিশ্বে বিরল। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আরও বলেন, দেশের জনগণের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাঁর গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের মধ্যে অধিকাংশ কাজই সফলতার সাথে সম্পন্ন হয়েছে। তিনি দেশের এ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহবান জানান।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ব সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এস.ডি.জি. অগ্রগতি পুরস্কার পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকের বিশেষ সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। এরই স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক এস.ডি.জি. অগ্রগতি পুরস্কার অর্জন করেছেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের, গৌরবের ও আনন্দের। মাননীয় উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সেমিনারে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply