কুবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ অক্টোবর) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের সুবিধার্থে নানা কার্যক্রম হাতে নেয়।
ভর্তি পরীক্ষার্থী ও অভিবাবকদের ভোগান্তি লাঘবে ক্যাম্পাস গেইটের বাইরে অভিভাবকদের বসার সুবিধা প্রদান, পানীয় জল ও শরবত পরিবেশন সহ শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষনের ব্যবস্থা করে কুবি ছাত্রলীগ। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে এক হাজার পিস করে কলম, পানির বোতল ও মাস্ক বিতরন করা হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য।
এদিকে পরীক্ষার দিন সকাল থেকেই মাঠে ছিল রোভার স্কাউট ও বিএনসিসি। বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) আমেনা আক্তার সুমি বলেন, সকাল সাড়ে নয়টা থেকেই বিএনসিসির প্রায় ৪০ জন ক্যাডেট পুরো ক্যাম্পাস জুড়েই অবস্থানে ছিল। ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সময়টা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আনন্দিত।
ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ও কেন্দ্র খুঁজে পেতে কাজ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনও।
উল্লেখ্য, এবার গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ হাজার ৩৯৪ জন। যার মধ্যে অনুপস্থিত ছিল ১১১ জন। অর্থাৎ শতকরা প্রায় ৯৬ শতাংশ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
Leave a Reply