এরফান হোছাইন (সাতকানিয়া থেকে)ঃ
দক্ষিণ চট্টগ্রাম জেলার সাতকানিয়ার আদালতে জমিসংক্রান্ত বিরোধের মামলার শুনানিতে জাল দলিল উপস্থাপন করে বিচারকের হাতে ধরা পড়েছেন জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তি।
গত বুধবার সাতকানিয়া সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ইব্রাহিম খলিলের আদালতে এ ঘটনা ঘটে। আদালতের বেঞ্চ সহকারী নেজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সাতকানিয়া আদালতে দীর্ঘদিন ধরে চলা জমিসংক্রান্ত বিরোধের একটি মামলার শুনানিতে জাহেদুল ইসলাম নামে ওই ব্যক্তি মামলার পক্ষ হতে অরেজিস্ট্রিকৃত তিনটি দলিল উপস্থাপন করেন। শুনানির একপর্যায়ে সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মুহাম্মদ ইব্রাহিম খলিলের সন্দেহ হলে তিনি পর্যালোচনা করে দেখেন।
আদালতে উপস্থাপন করা দলিলগুলোতে সব লেখা সাম্প্রতিক সময়ে কলম দিয়ে লেখা বলে শনাক্ত করেন বিচারক। পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জালিয়াতির বিষয়টি স্বীকার করে নিলে বিচারক তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে সোপর্দ করতে নির্দেশ দেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ বাংলাদেশ বুলেটিন ডট কমকে মো. আনোয়ার হোসেন বলেন, জাল দলিল উপস্থাপনের অভিযোগে সাতকানিয়া আদালত থেকে এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply