সোহেল রানা, পঞ্চগড়:
জাতীয় পার্টির মহাসচিব,সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন বাদ এশা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জাতীয় পার্টি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আবু সালেক।
মহাসচিব এর মৃত্যুর পর কেন্দ্রীয় নির্দেশনা মেনে পঞ্চগড়েও শোক পালিত হচ্ছে । শনি থেকে সোমবার পর্যন্ত জাতীয় পার্টির পঞ্চগড় জেলার দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে। আগামী শুক্রবার বিকেল ৩টায় জাতীয় পার্টি পঞ্চগড় জেলার কার্যালয় চত্বরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হবে।
শোক সভায় পঞ্চগড় জেলা সভাপতি রেজাউল করিম রেজা এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আবু সালেক সহ পার্টির পাঁচ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পার্টি ঘোষিত তিন দিনের শোক দিবসের মধ্যে পঞ্চগড় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।
Leave a Reply