রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজীবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল রহমান দীর্ঘ ১৪ বছর ধরে ক্লাস না করিয়ে বেতন তুলে নিচ্ছেন। তিনি মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। চোখের সামনে এ ধরণের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নীরব ভূমিকায় এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগে জানা গেছে, মোঃ ফজলুল রহমান প্রায় ১৪ বছর আগে রাজীবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
সেই থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস না করিয়ে মাসে- মাসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন তুলে আবার চলে যান। তার এ বিষয়টি সাবেক এবং বর্তমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। কিন্তু অজ্ঞাত কারণে তারা এখনো বিষয়টি গোপন রেখে তার বেতন সিটে নিয়মিত স্বাক্ষর করে বেতন তুলতে সহায়তা করছেন। এদিকে শিক্ষার্থীরা এ কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে বলে জানা যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফজলুল রহমান বলেন, আমি নিয়মিত প্রতিদিন স্কুলে যাই বিশ্বাস না হলে হাজিরা খাতা দেখতে পারেন। রাজীবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দীন মাষ্টার বলেন, ফজলুল মাষ্টার কে আজ পর্যন্ত ক্লাস নিতে আমি দেখি নাই। মাঝে মধ্যে স্কুলে এসে হাজিরা খাতায় সাক্ষর করে চলে যান। এ ব্যাপারে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমার কাছে অভিযোগ আসলে আমি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
Leave a Reply