বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোরে ইজিবাইক চালককে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার রবিউল ইসলাম (৪৫) পুলিশ হেফাজতে মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে তাকে গণপিটুনি দেয়া হয়। নিহত রবিউল ইসলাম শহরের পালবাড়ি পাওয়ার হাউজ এলাকার মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যার নম্বর ৯৯। মামলা করেছেন ইজিবাইক চালক চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মালেক মোল্যা।
মামলায় উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার মালেক মোল্যা তার পিতা আসালত মোল্যা ভাই আলেক মোল্যা ও মামা রবিন ইজিবাইক কেনার জন্য যশোরে আসে। যশোর উপশহর এলাকার বোরাক হাউজ থেকে ১ লাখ ৭৮ হাজায় ইজিবাইক কিনে ফিরছিলো। বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় চুড়ামনকাটি বাজারে পৌছালে রবিউল ইসলাম নিজেকে পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে। তখন ইজিবাইকে থাকা মালেক মোল্লা রবিউলকে ৫শ’ টাকা দিলে ফেলে দেয়। রবিউল ক্ষুব্ধ হয়ে আরও বেশি টাকা চায়। তারা টাকা দিকে অপারগতা প্রকাশ করে চলে যাওয়ার চেষ্টা করে। তখন রবিউল ইসলাম লাফ দিয়ে চলন্ত ইজিবাইকে ওঠে গাড়ি আটকে রাখার হুমকি দেয়া হয়। তখন তারা চুড়ামনকাটি বাজারে চৌগাছা রোডে বাস মালিক সমিতির বাস কাউন্টারের সামনে চিৎকার দেয়। তখন উপস্থিত লোকজন তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু ঘটনাস্থলে যায়। রবিউলকে হেফাজতে নিয়ে হাসপাতালে যান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাংগীর আলম জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় রবিউল ইসলাম গণপিটুনির শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনা তদন্ত পূর্বক আরও বিস্তারিত জানা যাবে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুকুমার কুন্ডু জানান, প্রাথমিক চিকিৎসার পর রবিউলকে থানায় নেয়া হয়। সেখানে অসুস্থ হয়ে গেলে ফের হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সালাউদ্দিন স্বপন জানান, বিকেল ৪ টা ৩৮ মিনিটে পুলিশ রবিউলকে হাসপাতালে আনে। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তাকে নিয়ে যায়। এই সময় তার শরীরে চাপা আঘাতের চিহ্ন ছিলো। তিনি আরও জানান, পরে ৬ টা ২৫ মিনিটে পুলিশ ফের রবিউলকে হাসপাতালে আনেন। এসময় তাকে মৃত অবস্থায় পেয়ে লাশ মর্গে পাঠানো হয়। ডা. সালাউদ্দিন স্বপন আরও জানান, দ্বিতীয় বার হাসপাতালে আনার আগেই রবিউলের মৃত্যু হয়। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে, চুড়ামনকাটি এলাকার একটি সূত্র জানিয়েছে, চুড়ামনকাটি বাজারের কয়েকজন ইজিবাইক গাড়ি চালক মিলে রবিউল বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
Leave a Reply