নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে হাতেগোনা কয়েকটি ডেন্টাল ক্লিনিকে বিএমডিসি অনুমোদিত বিডিএস ডিগ্রীধারী দন্ত চিকিৎসক থাকলেও অধিকাংশ ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছে নামমাত্র প্রশিক্ষনপ্রাপ্ত অনভিজ্ঞ টেকনিশিয়ানেরা।এসব ক্লিনিকে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে সাধারণ মানুষ একদিকে সুচিকিৎসা পাচ্ছেন না অন্যদিকে তাদের কাছ থেকে নানা ছুতায় মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ক্লিনিক মালিক ও এদের লোকজন।
মাধবপুর উপজেলা সদরে ১২ টি ডেন্টাল ক্লিনিক রয়েছে।এগুলোর মধ্যে ৫ টি ক্লিনিকে বিডিএস ডিগ্রীধারী চিকিৎসক নিয়মিত দাঁতের চিকিৎসা দিয়ে থাকেন।শাহ ডেন্টাল সার্জারী,রয়েল ডেন্টাল কেয়ার,হক্কানী ডেন্টাল,মোহাম্মদ আলী ডেন্টাল ক্লিনিক,শোভা ডেন্টাল কেয়ারে বিডিএস ডিগ্রীধারী চিকিৎসক রয়েছেন।এদের কোন কোনোটিতে একাধিক বিডিএস ডিগ্রীধারী চিকিৎসক দন্তরোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
মা ডেন্টাল কেয়ার, তমা ডেন্টাল কেয়ার,এডভান্স ডেন্টাল কেয়ার,নীলিমা ডেন্টাল কেয়ার ও মাধবপুর ডেন্টাল কেয়ার ও নাঈম ডেন্টাল কেয়ার নামের ক্লিনিকগুলোতে কোনো বিডিএস ডিগ্রীধারী চিকিৎসক নেই।এসব দন্ত চিকিৎসালয় চলছে অনুমোদন বিহীন নাম মাত্র প্রশিক্ষণপ্রাপ্ত, ডাক্তারদের এটেন্ডেন্ট হিসাবে কাজ করা স্বল্পপুঁজির টেকনিশিয়ান নামধারী কর্মচারীদের দ্বারা।এদের কেউ কেউ নিজেরাই ডেন্টাল ক্লিনিকের মালিক।এসব ক্লিনিকের সাজসজ্জা ও মেডিকেল যন্ত্রপাতি দেখে সাধারণ রোগীদের বুঝার উপায় নেই যে এগুলোতে কোনো অনুমোদিত ডিগ্রী সম্পন্ন ডেন্টাল সার্জন নেই।বাহ্যিক চাকচিক্য আর যন্ত্রপাতির বাহার দেখে সাধারণ রোগীরা এসব ডেন্টাল ক্লিনিকে গিয়ে প্রতিনিয়ত প্রতারিত হলেও এসব দেখছেন না কেউ।
উপজেলা সদর ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন৷ হাঁটবাজারে আরো অন্তত ১৫ টি ডেন্টাল ক্লিনিকে রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছেন কথিত দন্ত চিকিৎসকেরা।লোকজন সাময়িক অর্থ সাশ্রয়ের আশায় এসব ক্লিনিকে গিয়ে নিজেরা নিজেদের সর্বনাশ ডেকে আনছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জন আমার হবিগঞ্জকে জানিয়েছেন।যোগাযোগ করা হলে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, ডেন্টাল ক্লিনিকের বিষয়ে তাদের আসলে তেমন কিছুই করার নেই।তবে কেউ যদি বিডিএস না হয়েও নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করে সেটা দেখার সুযোগ আছে।
Leave a Reply