শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় নামক এলাকায় বাপ দাদার জমি ফেরত দেওয়ার দাবীতে সমাবেশ করেছেন সাঁওতালরা।
এর আগে তাঁদের একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।
বাপ দাদার জমি ফেরত, তিনজন সাঁওতাল হত্যার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার, আন্দোলনকারী সাঁওতাল-বাঙালীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এসব কর্মসূচি পালিত হয়েছে ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাহেবগঞ্জ বাগদা ফার্ম শাখা এই কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর কমিউনিস্ট পার্টির সাহেবগঞ্জ বাগদা ফার্ম শাখার সাধারণ সম্পাদক গণেশ মুরমুর সভাপতিত্বে রাফায়েল হাসদারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতিভা সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবির সভাপতি তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি নেতা আল মামুন মোবারক, রেজাউর করিম, যুব ইউনিয়নের নেতা মিজানুর রহমান, রুমিলা কিছকু, বার্নাবাস প্রমুখ।
সমাবেশে থেকে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের আখ চাষের জন্য সাঁওতালদের বাপ-দাদার জমি অধিগ্রহণ করা হয়েছিল।
চুক্তির শর্ত অনুযায়ী, আখ চাষ না হলে মালিককে জমি ফেরত দেওয়ার কথা।
তাঁরা বলেন, জমি ফেরতের আন্দোলন করতে গিয়ে রমেশ, মঙ্গল ও শ্যামলসহ তিন সাঁওতালকে হত্যা করা হয়েছে।
এখনো সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি।
আন্দোলনকারী সাঁওতাল বাঙালীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে।
এত কিছুর পরও সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতেই কেন ইপিজেড করতে হবে? এটা সাঁওতালদের প্রতি চরম অন্যায় করছে সরকার।
এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলেও তাঁরা দাবী করেন ।
বক্তারা আরও বলেন কর্মসংস্থানের জন্য ইপিজেড হতে হবে, তবে তা সাঁওতালের রক্তে ভেজা মাটি সাহেবগঞ্জ বাগদা ফার্মে নয়।
Leave a Reply