কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাল থেকে সশরীরে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদক্ষেপের ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশ অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে, ক্যাম্পাসে সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, প্রত্যেক ভবনে প্রবেশের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে, পরীক্ষা শুরুর আগে পরীক্ষার হল রুম যথাযথভাবে স্যানিটাইজ করতে হবে।
পরীক্ষার হলে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজ করতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব ক্যাম্পাস ত্যাগ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও,ক্যাম্পাসে অযথা আড্ডা ও গণজমায়েতের উপরও রয়েছে প্রশাসনের নিষেধাজ্ঞা।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ ২৯ আগস্ট কেন্দ্রীয় পরীক্ষা কমিটির মিটিংয়ে আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Leave a Reply