মো: কামরুজ্জামান খান পিকলু ( চিতলমারী, বাগেরহাট) :
বাগেরহাট জেলার শুধুমাত্র চিতলমারী উপজেলায় এক হাজার ১০০ নারীর ক্ষমতায়নের জন্যে আইসিভিজিডি প্রকল্প শুরু হয়েছে। সোমবার চিতলমারীতে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় বক্তারা জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪ জেলার ৬৪ উপজেলায় এই কাজ শুরু হযেছে। ভিজিডি কার্ডধারী নারীর পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করা হবে।এ সভায় সকল ইউপি সচিব ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ, সাংবাদিক ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।অনুষ্ঠানে পাঁচ জন নারীকে আইসিভিজিডি কার্ড দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।
সভায় স্বাগত বক্তব্য বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মুছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান প্রমূখ। আইসিভিজিডি প্রকল্প উত্তরণের কর্মসূচি ব্যবস্থাপক খন্দকার ইয়াছিন সভার সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশিদারদের ভূমিকা ও টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেন।
খন্দকার ইয়াছিন বলেন, এই প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬৪টি উপজেলার ভিজিডি কার্ডধারী এক লাখ পরিবারকে নগদ টাকাসহ আয়বর্ধনমূলক কাজের জন্য বহুমুখী প্রশিক্ষণ দেয়া হবে। যাতে তাদের জীবনমান উন্নত হয়। নারীদের প্রাধান্য দিয়ে পরিবারগুলো বাছাই হয়েছে। চিতলমারী উপজেলার এক হাজার ১০০ ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সহায়তা পাবেন।
বক্তারা আরো জানান, ‘ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)’ দ্বিতীয় পর্যাযের প্রকল্পটি চলবে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। বিশ্বখাদ্য কর্মসূচীর (ডাব্লুএফপি) অর্থায়নে বেসরকারী সংস্থা উত্তরণ’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
Leave a Reply