শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) গর্ভবতী মায়েদের একমাত্র ভরসার জায়গা।
এই প্রতিষ্ঠানটি ধ্বংসের জন্য একটি সিন্ডিকেট চক্র তৎপর রয়েছে ।
গতবছর করোনা সংক্রমণ শুরু হলে লকডাউনের মধ্যে একমাসে কমপক্ষে তিনজন গর্ভবতী মাকে গভীর রাতে মাতৃসদন থেকে বের করে দিলে তারা কেউ রাস্তায়, কেউ অটো রিক্সায় সন্তান প্রসব করেন।
এ বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: আফসারী খানমকে শাস্তিমূলক বদলী করা হয়।
আজ থেকে প্রায় এক বছর পার হয়ে গেল প্রতিষ্ঠানটিতে আবাসিক মেডিকেল অফিসার পদটি এখনো শূণ্য রয়েছে ।
এখানে রোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটিকে ঘিরে একটি সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালকের নিকট বার বার দাবি করা সত্বেও কোন এক অদৃশ্য কারণে এখানে ডাক্তার নিয়োগ দিচ্ছেন না।
৫ সেপ্টেম্বররবিবার সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি’র সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব প্রমুখ।
প্রতিষ্ঠানটিতে অবিলম্বে আবাসিক মোডিকেল অফিসার নিয়োগ, সিজারিয়ান অপারেশন চালু, সেবার মান বৃদ্ধি এবং রোগী হয়রানি বন্ধের দাবি জানান তারা।
শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।
Leave a Reply