এম শাহীন আল আমূল, জামালপুর।।
জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী নবী হোসেন। শনিবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান গৃহবধূ শারমিন।
স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার বাশতলী এলাকার আব্দুস সামাদের মেয়ে শারমিনের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার আলী মাহামুদের ছেলে নবী হোসেনের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শারমিন। এ ঘটনা জানতে পেয়ে শ্বশুর-শাশুড়িসহ আত্মীয়-স্বজন শারমিনকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরই স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী নবী হোসেন।
শারমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবী হোসেন বাড়িতে হামলা ও তার বাবা-মাকে আটক করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবী হোসেনের বাবা-মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন দেখার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply