এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুর শহরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় সাবেক স্বামী শাহীন আলমকে জনগনের সহায়তায় আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জামালপুর পৌর শহরের তমালতলায় এ ঘটনা ঘটে। আহত নারী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার জোকাকুঁড়া গ্রামের সালেহ আহম্মেদের মেয়ে।
সে জামালপুরের একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকায় একটি মেসে থাকতেন। আটক সাবেক স্বামী মো.শাহীন আলম (২১)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গুরু চরন দুধনাই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের সাথে আহত যুবতীর নবম শ্রেণিতে পড়া অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের সাড়ে তিন বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের আড়াই মাস তালাক হয়। ওই যুবতী জামালপুর শহরে থেকে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।
ডিউটি শেষে ইজিবাইক যোগে বাসায় ফেরার পথে একই ইজিবাইকে উঠে বসে শাহীন আলম। ইজিবাইক থেকে নামতে বললে শাহীন আলম ইজিবাইকের মধ্যেই নারীকে ছুরিকাঘাত করতে থাকেন। ছুরিকাঘাতের এক পর্যায়ে ওই নারী রাস্তায় পড়ে যান।
তারপরও অ্যালোপাথারি ছুরিকাঘাত করছিলেন যুবকটি। পরে স্থানীয় লোকজন যুবকটিকে ধরে ফেলেন। স্থানীয় লোকজন ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জানান, ওই নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে ৪ থেকে ৫টি ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, ওই নারীকে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাত করা হয়েছে। আহতের শরীরে বেশ কয়েক জায়গায় আঘাত করা হয়েছে। ঘাতককে স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply