সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সীমান্তের ১০৫৯ ও ১০৬০ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশে বাঁশের তৈরি চড়কের মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে গরু পার করছিলেন। এ সময় গয়টাপাড়া বিওপির বিজিবি’র টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিজিবির উপর চড়াও হয়।এক পর্যায়ে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের আক্রমণ করার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে যায়। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্তাছির বিল্লাহ জানান, সীমান্তে বিজিবি’র সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে বিজিবি কোনো লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপর হামলা করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি। চোরাকারবারিদের ইট পাটকেলের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply