শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে নতুন নিয়মে সাতটি ধাপ অতিক্রম করে ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে সদরপুর থানায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সার্কেল ফাহিমা কাদের চৌধুরী।
আজ বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ টার দিকে সদরপুর থানা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করা হয়েছে।এতে সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চূড়ান্ত হবে। এই সাতটি ধাপ হলো, প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার , সদরপুর থানা সেকেন্ড অফিসার শ্রিবাস গাইন সহ ইউনিয়ন চেয়ারম্যান গন ও বিভিন্ন স্তর এর ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী এ সময় প্রতারক ও দালালদের ব্যাপারে সচেতন থাকতে সকলকে অনুরোধ জানিয়ে বলেন, কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের মাধ্যমে এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা হবে।
Leave a Reply