জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
এলজিইডি ও পৌরসভার গাফিলাথির কারণে দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। পিচ ও পাথর উঠে খানাখন্দে ভরে গেছে পুরনো পল্লীবিদ্যুৎ থেকে শুরু করে নসিবগঞ্জ বাজার পর্যন্ত পুরো রাস্তাটি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্বল্প বৃষ্টিতেই পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংস্কার হচ্ছে না। এলজিইডি বলছে রাস্তাটি পৌরসভার আর পৌরসভা বলছে রাস্তাটি এলজিইডি’র তাদের দুই পক্ষের কাঁদাছড়াছড়িতে সংস্কার কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সেই রাস্তায় চলাচলকারী প্রায় ১’লক্ষ মানুষ।
পীরগঞ্জ পৌর শহরের বটতলা হতে দক্ষিণে কাজী নজরুল ইসলাম সড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের পাশাপশি শিক্ষার্থীরা এবং নানান প্রকার ভারী ও হালকা যানবাহন চলাচল করে। রাস্তাটি খানাখন্দে ভড়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ১’লক্ষ মানুষকে।
এদিকে রাস্তার পাশে ড্রেন থাকলেও রাস্তাটির বড় বড় গর্তের পানি গর্তেই আটকে থেকে অল্প বৃষ্টিতেই পুরো রাস্তা জুড়ে পানি জমে যায়।
রাস্তাটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচলের ফলে পানি জমে থেকে কাদায় পরিণত হয়। এ কারণে যান চলাচলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রাস্তাটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষ ও এলজিইডি অফিসের কর্মকর্তাদের কাছে স্থানীয় বাসিন্দারা ধরণা দিলেও কোন সুফল পাচ্ছেনা তারা।
এ সড়কে প্রাণিসম্পদ অফিস, পল্লী বিদ্যুতের জোনাল অফিস, টেলিফোন অফিস, ব্রাক অফিস, ইএসডিও এবং ঠেঙ্গামারা অফিস, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, ইকো পাঠশালা, মহিলা কলেজ, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দোকানপাট রয়েছে। এছাড়াও উপজেলার বড় দুটি হাট জাবরহাট ও নসিবগঞ্জ বাজার এবং দৌলতপুর, বৈরচুনা ও সেনগাঁও ইউনিয়নের লোকজনের একমাত্র প্রধান রাস্তা এটি।
এই রাস্তাটি দ্রুত সংস্কার করলে হাজার হাজার মানুষের কষ্ট দূর হবে বলে স্থানীয়দের দাবি।
এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এলজিইডি’র পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী শামীম আখতার। তবে মুঠোফোনে তিনি জানান রাস্তাটি পৌরসভার আমরা টেন্ডারের জন্য কাগজ পত্র পাঠিয়েছি।
এই রাস্তাটির বিষয়ে পীরগঞ্জ পৌর মেয়র একরামুল হক বলেন, রাস্তাটি এলজিইডি’র আমি এলজিইডি ইঞ্জিনিয়ারকে বলেছি তিনি বলেছেন এটা টেন্ডার হবে। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক উপজেলার দুটি বড় বাজারের প্রধান রাস্তা এটি আমি মেয়র হয়ে এলজিইডিকে দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
Leave a Reply