এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ১০ কিঃ মিঃ রাস্তা পাকাকরণের কাজ
নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে মাত্র ৫০ ভাগ। চুক্তি অনুসারে চলতি বছরের ৪
সেপ্টেম্বর কাজ সম্পন্ন করার কথা থাকলেও হয়েছে মাত্র অর্ধেক।
দীর্ঘদিন থেকে রাস্তা খুঁড়ে রেখেছে ঠিকারদারী প্রতিষ্ঠান। এতে প্রতিদিন
চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যানবাহন ও যাত্রীদের। এদিকে এ
রাস্তায় নিম্নমানের সামগ্রীর ব্যবহার করার অভিযোগে জেলা স্থানীয় সরকার
অধিদপ্তর প্রকৌশল বরাবর লিখিত অভিযোগ করেছেন পাঁচবিবি উপজেলা পরিষদ
চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না।
জানা গেছে, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায়
পাঁচবিবি-শালাইপুর ১০ কিঃ মিঃ রাস্তার সংস্কারের দরপত্র আহ্বান করে
জয়পুরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
দরপত্রের ৯ কোটি টাকা চুক্তিমূল্যে কাজটি পায় বগুড়ার ঠিকাদারী প্রতিষ্ঠান
মাসুমা কনস্ট্রাকশন। রাস্তাটির কাজ শুরু হয় ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর। যার
মেয়াদ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। কাজ শুরুর পর রাস্তা খুঁড়ে
রাখায় বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে
জনসাধারণ। রাস্তার বেহাল দশায় যাত্রী পরিবহনে ভাড়া হয় দ্বিগুন এবং
রিক্সা-ভ্যান চালকেরাও পড়েছে বিপাকে।
এ ব্যাপারে মাসুমা কনস্ট্রাকশনের প্রতিনিধি সেলিম হোসেন বলেন, করোনাকালীন
সময়ে শ্রমিক ও মালামাল সংকটের কারণে কাজের একটু বিলম্ব হচ্ছে।
পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, রাস্তার কাজ দ্রুত সময়ের
মধ্যে করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে।
Leave a Reply