এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুরের সরিষাবাড়িতে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার নিজঘরের শয়নকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়।
নিহত লিটন মিয়া সরিষাবাড়ি পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, লিটন মিয়া সরিষাবাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনালে করম আলীর হোটেলে কর্মচারীর কাজ করতেন। শুক্রবার রাতে তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে কর্মস্থলে না গেলে হোটেল মালিক করম আলী তাকে ডাকতে বাড়িতে যান।
এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে দেখেন, লিটন মিয়ার হাত-পা বাঁধা ও মরদেহ ঝুলছে। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে গিয়ে লাশের হাত-পা বাঁধা দেখতে পাইনি, তবে স্থানীয়দের কাছে এমনটি শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনা তদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
Leave a Reply