এম বশির, ব্যুরো প্রধান, বরিশাল:
বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা শনিবার দুপুরে মানববন্ধন করে মেয়রসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জাতীয় শোক দিবসে ব্যানার খোলাকে কেন্দ্র করে বরিশালে আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সিটি করপোরেশনের কর্মী ও ছাত্রলীগ।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সিটি করপোরেশনের কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে শনিবার ওই মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
দুপুরে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে মানববন্ধন হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এ মানববন্ধনে উপস্থিত হন।
সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধনে করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক মাসুমসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বেলায়েত বাবলু বলেন, ‘সংঘর্ষর কথা উঠে আসছে বুধবারের রাতের ঘটনায়। কিন্তু আসল ঘটনা হলো, সেদিন আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে, যেটা অনৈতিক। আমাদের স্টাফরা এখন গ্রেপ্তার-আতঙ্কের মধ্যে রয়েছেন।
‘ষড়যন্ত্র করে বরিশালের প্রাণভোমরা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এই মামলা প্রত্যাহার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।’
পরিচ্ছন্নতাকর্মী রাজ্জাক বলেন, ‘আমরা গ্রেপ্তার-আতঙ্কে রয়েছি। আমাদের মেয়রকেই আসামি করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে গ্রেপ্তার-আতঙ্কের মধ্যে কাজে ফেরা আমাদের পক্ষে সম্ভব নয়।’
Leave a Reply