আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চাপ কমাতে তারাকান্দায় করোনা চিকিৎসায় সরকারীভাবে আরও একটি ডেডিকেটেড করোনা হাসপাতাল চালু হতে যাচ্ছে।মমেক হাসপাতালে করোনা রোগীর চাপ কমানোর লক্ষ্যে ৫০ শয্যার তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড করোনা ইউনিট চালু করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।গত বছর করোনার প্রকোপ বৃদ্ধি পেলে ময়মনসিংহে ডেডিকেটেড করোনা ইউনিট চালু নিয়ে সংশয় দেখা দেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫ম,৬ম,৭ম,৮ম তলায় ২১০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা ইউনিট চালু করা হয়।করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ইউনিটের শয্যাসংখ্যা বৃদ্ধি করে ৪শ তে উন্নীত করা হয়। নতুন ভবনের ৩য় তলা থেকে ৮ম তলা পুরোটাই করোনা ও উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহৃত হচ্ছে। গত ৫ আগষ্ট থেকে প্রতিদিন করোনা ইউনিটে গড়ে প্রায় ৬০০ রোগী ভর্তি ছিল। হাসপাতাল কর্তৃপক্ষকে “শয্যা খালি নেই” লেখা সম্বলিত সাইনবোর্ড টানিও রোগী ভর্তি ঠেকাতে পারেনি ।এই পরিস্থিতিতে বেসরকারী হাসপাতালগুলোতে করোনা ইউনিট চালুর আহবান জানালে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হয়। এছাড়া আর কোন বেসরকারী হাসপাতাল এগিয়ে আসেনি।সিভিল সার্জন নজরুল ইসলাম তারাকান্দায় উদ্বোধনের অপেক্ষায় থাকা নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড করোনা হাসপাতাল চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ।এ ব্যাপারে মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন পাঠানো হয়েছে। অনুমতি মিললেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। নতুন হাসপাতাল হিসেবে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যাবস্থা না থাকায় সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন সেবা দেয়া হবে।ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, করোনা রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড করোনা হাসপাতাল চালু করার সুপারিশ করা হয়েছে।একই সাথে মুক্তাগাছার শারিরীক শিক্ষা কলেজে ৭০ শয্যার আইসোলেশন ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply