মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে গাছ কাটার জেরে আবদুস ছালাম(৩৭) নামে এক স্কুল শিক্ষককে মারধর শেষে চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ শুক্রবার(২০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহত ছালাম পৌর এলাকার উত্তর জনারদন্দি গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে। তবে প্রতিপক্ষের দাবি ঘটনা ভিত্তিহীন।
ভুক্তভোগী পরিবার জানান, জনারদন্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছালাম তার বাড়ির একটি গাছ বিক্রি করে শ্বশুর বাড়ি রওনা দেন। পথিমধ্যে রাসেল সরদারের দোকানের কাছে পৌঁছালে একই এলাকার আলাউদ্দিন সরদারের নির্দেশে তার ছেলে সোহেল সরদার শিক্ষক ছালামকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদম মারধর শেষে চাবি দিয়ে তার চোখ উৎপাটনের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছালামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।
আহত ছালাম সাংবাদিকদের বলেন, আমাকে হত্যা চেষ্টা চালিয়েছে সোহেল ও তার বাবা আলাউদ্দিন সরদার। আমি তাদের বিচার চাই।
এ বিষয় অভিযুক্ত সোহেল সরদার বলেন, আমার বাবার নামের দলিলের জামিতে আমাদের গাছ লাগানো ছিল। সেই গাছ ছালাম জোরপুর্বক কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করলে প্রথমে আমাকে ছালাম মারধর করে। তার অভিযোগ মিথ্যা।
এব্যাপারে জানতে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেলকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply