সোহেল রানা,সাভার (ঢাকা):
ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির অভিযোগে শিল্প পুলিশের কনস্টেবলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান। এর আগে বুধবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকার বাটার গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন -মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ছোট বামনা গ্রামের আঃ খালেকের ছেলে মোঃ রমজান আলী (২২)। তিনি গাজিপুর শিল্প পুলিশের কনস্টেবল (বিপি-৯৯১৮২১৫৪১১) হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তার চট্টগ্রামে পোস্টিং হলে যোগদাপুর্ব ছুটিতে বাড়িতে ছিলেন। অপর দুইজন হলেন ধামরাই থানার বালিয়া ইউনিয়নের আমছিমুর (নয়াপাড়া) এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৪) ও ধামরাইয়ের হরিদাসপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ সোহেল রানা(২৭)।
ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন (২৩) মানিকগঞ্জ জেলা সদরের শাহজাহান বেপারীর ছেলে। তিনি ট্রাক চালক হিসাবে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকার ওয়ালটন থেকে ২৫টি ফ্রিজ লোড করে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উদ্দেশ্যে রওনা দেন মোঃ আনোয়ার হোসেন ও হেলপার আসিফ (১৮)। রাত আড়াইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর বাটার গলির মুখে পৌঁছলে আসামিরা গাড়ির গতিরোধ করেন। পরে ট্রাক চালক ও হেলপারকে কিল-ঘুষি মেরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় ট্রাক চালক ও হেলপারের ডাক চিৎকারে লোকজন ও টহল পুলিশ এগিয়ে আসলে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়। আজ দুপুরে মামলা দায়ের হলে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বাংলাদেশ বুলেটিনকে বলেন, আটকদের মধ্যে একজন শিল্প পুলিশের কনস্টেবল হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply