শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন এবং ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিসহ সাম্প্রতিক সময়ে জেলায় সংঘটিত সকল হত্যাকান্ডের প্রতিবাদ ও আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা জেলা শাখা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন খান আরমান, সাধারণ সম্পাদক আবু হাসান লিয়ন, সহ-সভাপতি রবিউল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব শাহরিয়ার, হাফেজ মারুফ বিল্লাহ, জাকিরুল করিম হিরন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের মো. ওয়ালিদ সরকার, হাসান ইমন প্রমুখ।
বক্তারা বলেন, গত ৪ মাসে গাইবান্ধা সদর উপজেলায় লিখন, রকিসহ ৫টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে যা রীতিমত উদ্বেগজনক।
সেইসাথে এইসব হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যবসায়ী হাসান হত্যার পর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এতগুলো হত্যাকান্ড সংঘটিত হত না বলে তারা অবিলম্বে সকল হত্যাকান্ডের বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply