মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
লকডাউনে টানা ১৯ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার সবকটি বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে আগের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
বুধবার ভোর থেকে কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার সব বাস ছেড়ে যেতে দেখা গেছে। সরকারী বিধিনিষেধ মেনে টার্মিনালগুলো থেকে সাধারন সময়ে চলাচল করা যানবাহন থেকে এখন অর্ধেক বাস চলাচল করছে। এদিকে পুরোপরি স্বাস্থ্যবিধি মেনে যানবাহনগুলোতে যাত্রী উঠানামা করানো হচ্ছে। এর আগে বাসগুলোকে জীবানুনাশক দিয়ে পরিস্কার পরিচ্ছন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
কুমিল্লা থেকে চট্রগ্রামগামী এক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি রজক বলেন , বাসে সকল যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক ছিলো, জীবানুনাশক স্প্রে করাসহ হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা ছিলো। অতিরিক্ত যাত্রী বহন না করলেও ভাড়া আগের চেয়ে কিছুটা বাড়িয়েছে।
কুমিল্লা তিসা প্লাস বাস মালিক সমিতির সদস্য কাজী আনিসুর রহমান বলেন, আমরা অতিরিক্ত কোন যাত্রী বহন করছি না, তাছাড়া ভাড়া বৃদ্ধির অভিযোগ ঠিক না, কুমিল্লা ঢাকা রোডে যাত্রীদের কাছ থেকে আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
কুমিল্লা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম জানান, প্রতিটি কাউন্টার, বাস, সিট জীবানুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। প্রতিটি ট্রিপে স্প্রে করা হচ্ছে। চালক হেলপার যাত্রীদের মাস্ক পড়া শতভাগ নিশ্চিত করা হচ্ছে। সিটের বাহিরে অতিরিক্ত কোন যাত্রী নেওয়া হয়না।
Leave a Reply