আমির হামজা আবিদ, মোংলা:
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণের সময় একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ সেদেশের ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের সময় সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ডের জাহাজ সিজিএস সোনার বাংলার ভারতীয় ওই ট্রলারটিকে আটক করে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর’র (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিরুল হক জানান, শনিবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলা বাংলাদেশ জলসীমায় একটি বিদেশী ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখেন। এ সময় ট্রলারটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত জাহাজটি তাদেরকে ধাওয়া করে আটক করে।
মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে ভারতীয় ওই ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়। জব্দকৃত ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলেকে রবিবার বিকেলে মোংলা থানা পুলিশে হস্তান্তরের কথা রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, তাদের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষায় সার্বক্ষনিক টহল জোরদার করা হয়েছে। নিয়মিত এ অভিযান চলবে এবং ভবিষ্যৎতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply