মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তোলার পর হাসপাতালে ভাংচুরের অভিযোগ এনে স্বজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে বোয়ালী ইউনিয়নবাসীর ব্যানারে এই কর্মসূচী পালিত হয়েছে । এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ এলাকাবাসীরা অংশ নেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রনজু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ আকন্দ, জেলা জাসদ নেতা নূর মোহাম্মদ বাবু, রোগী জাহেদা বেগমের পুত্রবধূ রিনা আক্তার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ জুন দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম বাটিকামারী গ্রামের আলতাফ হোসেনের অসুস্থ স্ত্রী জাহেদা বেগমকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সে সময় হাসপাতালের ল্যাব বন্ধ থাকায় বাইরে থেকে রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। রক্ত পরীক্ষা করার পর বিকেলে রিপোর্টসহ রোগীকে আবার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা অভিযোগ করে বলেন, দুপুর থেকে বিকেল পর্যন্ত জাহেদা বেগমকে কোন ধরনের চিকিৎসা সেবা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে বিনা চিকিৎসা ও ডাক্তারের অবহেলার কারণে মারা যান জাহেদা বেগম। পরে রোগীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদসহ স্বজনরা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তোলায় তাদের উপর হামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় রোগীর স্বজন বোয়ালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের নাম উল্লেখসহ ৮-৯ জনের বিরুদ্ধে পরদিন গাইবান্ধা সদর থানায় হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগে মামলা করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হারুন অর রশিদ। কিন্তু রোগীর স্বজনদের পক্ষ থেকে সদর থানায় এজাহার দেয়া হলেও মামলা নেয়নি পুলিশ।
বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর বিচার ও এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন তারা।
এরআগে, গত ২৪ জুলাই বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম বাটিকামারী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেন মৃতের পুত্রবধূ রিনা আক্তার।
Leave a Reply