উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটে করোনা সংক্রমণ রোধে ও চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ আগষ্ট) সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে দুপুর ১২টায় নগরভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ভার্চুয়ালীভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সভায় সিলেটে করোনা সংক্রমণ রোধে নানাবিধ পদক্ষেপ হাতে নেওয়া হয়। সভার শুরুতে মেয়র আরিফুল হক চৌধুরী সহ উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও চিকিৎসক নেতৃবৃন্দ সিলেটের সমস্যার কথা তুলে ধরেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের বিষয়ে আমরা সম্পূর্ণ গুরুত্ব দিচ্ছি। সিলেটে যেসব কোম্পানি অক্সিজেন সরবরাহ করে তাদেরকে সাপ্লাইয়ের পরিমাণ বাড়ানোর জন্য বলবো। এ নিয়ে আজ ঢাকায় আমি নিজে অক্সিজেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ে বৈঠক করে সিলেট এম এ জি ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালের অক্সিজেন সঞ্চালন প্লান্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনকে বলা হয়েছে। এক্ষেত্রে যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটা কঠোর হতে হবে প্রশাসনকে। এছাড়াও সিসিকের সকল জনপ্রতিনিধিদের নেতৃত্বে নগরীর প্রতি ওয়ার্ডে মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো হবে। আগামীকাল (বুধবার) থেকেই এ কার্যক্রম শুরু করা হবে।
এছাড়াও সিলেট জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। রোগীরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন, তাহলে নগরে রোগীর চাপ কমে যাবে।
পাশাপাশি নগরীর প্রাইভেট হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার ক্ষেত্রে আরও মানবিক হওয়ার আহ্বান করা হয়েছে।
সভা শেষ সিলেট সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গনমাধ্যমে এক ব্রিফিংয়ে সিদ্ধান্ত সমূহ জানান। জরুরী সভায় গ্রহীত ৫ সিদ্ধান্ত (যা মেয়র মহোদয় বিফ্রিংয়ে বলেছেন) ১। উৎসমুখে করোনা ভাইরাসের সংক্রমন বন্ধে সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও টিকাদানে উদ্বোদ্ধকরণের জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখা ২। সিলেট বিভাগের উপজেলা সমূহের স্বাস্থ্যসেবার মান আরো উন্নীতকরা যাতে উপজেলা পর্যায়ে রোগীরা সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা পেতে পারেন। ৩। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সঞ্চালন ও প্লান্ট স্থাপন করা ৪। অক্সিজেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে সিলেট অঞ্চলে অক্সিজন সাপ্লাই আরো বাড়ানোর ব্যবস্থা করা ৫। গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রতিবেদন আকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যান ও কর্মসংস্থান মন্ত্রীর বরাবরে প্রেরণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply