প্রভাষক জাহিদুল আলম,নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে পুলিশ দেখেই মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দেন জসিম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি। পরে অনেক চেষ্টায় হাতকড়া পড়িয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসার পর জানাগেলো ১০ বছরের দন্ডপ্রাপ্ত আসামি সে।
সোমবার (২ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, সোমবার দুপুরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামে অন্য একটি মামলার তদন্তে যান নান্দাইল মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও পুলিশের এক কনষ্টেবল। এসময় হঠাৎ এক ব্যক্তি পুলিশ দেখে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে থানা পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ সেখানে থেমে তাকে পুকুরে ঝাঁপ দেয়ার কারণ জানতে চান এসআই সাইফুল। তবে তিনি কোনো কথা না বলে পুকুরের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে অবস্থান করেন। আধাঘণ্টা চেষ্টার পর পানিতে নেমে জসিম নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে থানায় নেয়ার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি অস্ত্র মামলায় ১০ বছরের দন্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ঢাকার দণিখান থানার ২০১৪ সালের আরেকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
গ্রেফতার হওয়া জসিম উদ্দিন নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর আলাবক্সপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
নান্দাইল মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে অন্য একটি ঘটনা তদন্তে হরিপুর আলাবক্সপুর গ্রামে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পথে জসিম আমাদের দেখে পুকুরে ঝাঁপ দেয়। সন্দেহ হওয়ায় তাকে পানিতে নেমে আটক করে থানায় আনা হয়। পরে জানতে পারি তিনি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন।’
থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৫ জানুয়ারি অবৈধ অস্ত্র মামলায় আদালত গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে ১০ বছরের কারাদন্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও ঢাকার দণিখান থানার ২০১৪ সালের আরেকটি মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।
Leave a Reply