জাহেদুল রাসেল,নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ায় চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ আগস্ট (সোমবার) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কোন্নগর গ্রামের মোসলেম উদ্দিনের তিন ছেলে লিয়াকত আলী (৪০), এমতাজ আলী (৩৮), আবদুর রাজ্জাক (৩৬) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৪২)। এঁদের মধ্যে বকুল, লিয়াকত ও এমতাজকে দুই মাস করে এবং রাজ্জাককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প কর্মকর্তা সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় হতদরিদ্র ও ভূমিহীন ৬৩ পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে ৬০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। উপজেলার মরিচপুরান ইউনিয়নরে উত্তর কোন্নগরে ভূমিহীন তিন ব্যক্তির বরাদ্দকৃত ঘরের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু ঘর বরাদ্দের জমি নিজেদের দাবি করে লিয়াকত আলী, এমতাজ আলী, আবদুর রাজ্জাক ও বকুল হোসেন আদালতে মামলা করেন। তাঁরা ওই জমিতে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানান। তবে উপজেলা ভূমি অফিস থেকে জমির কাগজপত্র জমা দেওয়া হলে আদালত নিষেধাজ্ঞা দেননি।
আজ বিকেলে তিনটি ঘরের চালা নির্মাণে উপজেলা প্রকল্প কার্যালয় থেকে ঠেলাগাড়িতে করে কাঠ ও টিন পাঠানো হয়। অভিযুক্ত ওই চার ব্যক্তি ঘর নির্মাণে বাধা দেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়। এরপর বিকেল চারটার দিকে ইউএনও হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ওই চার ব্যক্তি ঘর নির্মাণ করতে দেবেন না বলে জানান। এরপর সরকারি কাজে বাধা দেওয়ায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে চারজনকে পুলিশে সোপর্দ করা হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল হান্নান বলেন, সরকারি খাস জমিতে তিন ভূমিহীন পরিবারকে সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘরের ৭০ ভাগ কাজ শেষ করা হয়েছে। চার ব্যক্তি ওই জমি নিজের দাবি করে মামলাও করেন। সেই মামলার জবাবও দেওয়া হয়েছে। আজ ঘরের চালার জন্য কাঠ ও টিন পাঠানো হলে ঘর নির্মাণে ওই ব্যক্তিরা বাধা দেন।
সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস বলেন, ইতিমধ্যে ভূমিহীন ওই তিন ব্যক্তির নামে বরাদ্দকৃত জমি কবুলিয়াত দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, রাত হয়ে যাওয়ায় দণ্ডপ্রাপ্ত চার ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে শেরপুর জেলা কারাগারে পাঠানো হবে।
Leave a Reply