বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১০জন পল্লী উদ্যোক্তার মাঝে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএসই ঋণ’ শ্লোগানকে সামনে রেখে কালেক্টরেট সভা কক্ষে এ ঋণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সদরে আরো ২২জনকে ৩১ লাখ টাকাসহ জেলায় ২৮২ জনের মাঝে ৩ কোটি ৬ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিআরডিবির উপপরিচালক মোঃ কামরুজ্জামান।
তিনি জানান, জেলায় ২৮২ জনের মধ্যে রয়েছে কৃষক, ফুলচাষি, ডেইরি, পোল্ট্রি মাছ চাষি, নার্সারি, কুটির শিল্প ও হস্তশিল্পসহ ক্ষুদ্র ব্যবসায়ী। এর মধ্যে সদরে ৩২জন পল্লী উদ্যোক্তার মাঝে ৫১ লাখ টাকা, বাঘারপাড়ায় ২০ জনকে ২০ লাখ টাকা, অভয়নগরে ৩৪ জনকে ৩৪ লাখ টাকা, মণিরামপুরে ৩৮ জনকে ৩২ লাখ ৫০ হাজার টাকা, কেশবপুরে ২২ জনকে ২২ লাখ টাকা, শার্শায় ৩৯ জনকে ৩২ লাখ ৪০ হাজার টাকা, ঝিকরগাছায় ৫৫ জনকে ৪৯ লাখ ৫০ হাজার টাকা ও চৌগাছায় ৪২ জনের মাঝে ৬৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হবে।
প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ।
Leave a Reply