মোঃ শাহাব উদ্দিন রিফাত,আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর শহরে নিরাপদ খাবার পানি এবং স্বাস্থ্যকর পয়ঃনিস্কাশন ব্যবস্থার লক্ষ্যে একশত বিশ কোটি টাকার প্রকল্প দিচ্ছে বিশ্ব ব্যাংক পাশাপাশি আইনমন্ত্রী পৌরবাসীর জন্য স্বেচ্ছায় অর্ধকোটি টাকার জায়গা দান করার ঘোষণা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্ব ব্যাংক। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত সময়ে পৌর কর্তৃপক্ষ চাহিদা মাফিক জমি কিনতে না পারায় প্রকল্পটি ভেস্তে যেতে বসে। এ অবস্থায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের শরণাপন্ন হন। পরে আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও সুপারিশে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বিশ্ব ব্যাংক।
পরবর্তীতে আইনমন্ত্রী আনিসুল হক নিজে আগ্রহী হয়ে পৌরসভাকে দান করার জন্য শহরের তারাগনে অর্ধ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩৩ শতক জমি কিনেছেন।
এতে করে আখাউড়া পৌরশহরের মানুষ নিরাপদ খাবার পানি এবং স্বাস্থ্যকর পয়:নিষ্কাশন ব্যবস্থা দুটোই পাবেন যার ফলশ্রুতিতে শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য পুষ্টি সুরক্ষা পাবে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে পর্যায়ক্রমে ১ শত ২০ কোটি টাকার কাজ করা হবে।আখাউড়া পৌর শহরের নয়টি ওয়ার্ডের সকল নাগরিক এ সুবিধা ভোগ করবেন।এ ক্ষেত্রে পৌরসভা জমি কিনতে হলে দীর্ঘ সময় প্রয়োজন। এতে প্রকল্পটি চলে যেতে পারে। এ অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। এতে পৌরবাসী বিরাট উপকৃত হলো। আইনমন্ত্রীকে মানুষ কেন ভালোবাসে। জমিদানের মাধ্যমে তা আবারও প্রমাণ দিয়েছেন। এ অবদানের পৌরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পৌরবাসীর পক্ষ থেকে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply