মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় বেসরকারি একটি হাসপাতালে ডা. তানভীর আকবর নামে এক চিকিৎসকের উপর হামলার ঘটনায় এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩জনই সহোদর ভাই। মঙ্গলবার দুপুরে তাদেরকে কোতয়ালী মডেল থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গেল রোববার রাতে নগরীর শাকতলা এলাকার এম.এ হোসাইন নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় মনিপাল এএফসি হাসপাতালে যান। এসময় ওই রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে রোগীর স্বজনরা চিকিৎসক ডা. তানভীর আকবরকে মারধর করে। এ ঘটনায় ওইদিন রাতে ওই চিকিৎসক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সোমবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ২নং আসামী অনন্তকে গ্রেফতার করে। পরে রাত ১১টার দিকে ঢাকার মগবাজার এলাকা থেকে প্রধান আসামী হোসেন অয়ন এবং ৩নং আসামী আব্দুল কাদের ওরফে অনিককে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে আসে। মনিপাল এএফসি হাসপাতালের সুপারেনটেনডেন্ট ডাঃ মোঃ রাসেল আহমেদ চৌধুরী বলেন, অবিলম্ভে বাকি আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি, পাশাপাশি হাসাপাতাল থেকে লুট হওয়া অক্সিজেন সিলিন্ডার ফেরতসহ ক্ষতি পূরন দাবী করছি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার জানান, সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং মামলার অপর আসামীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে।
Leave a Reply