আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন আতংকে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষজন । ফলে ওই এলাকার ৩ শতাধিক পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহে ওই এলাকার ৫৫ পরিবারের ঘরবাড়ি, ফসলি জমিসহ গাছপালা ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকির মুখে পড়েছে একটি আদর্শ গ্রাম, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মসজিদ, একটি ঈদগাঁ মাঠসহ কয়েকশ পরিবারের ঘরবাড়িসহ শতশত একর ফসলি জমি। গৃহহীন মানুষগুলো আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন উঁচু ফাঁকা স্থানে আশ্রয় নিচ্ছে। হুমকির মুখে পড়া পরিবারগুলো আগেভাগেই ঘরের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে।ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া গ্রামের নারী-পুরুষ ও শিশুরা নদী পাড়ে বসে অশ্রুচোখে শুধু ভাঙনের দৃশ্য দেখছে। আর হুমকির সম্মুখীন পিপুলিয়া গ্রামের পরিবারগুলো অন্যস্থানে যাওয়ার জন্য বাড়ি-ঘর, আসবাবপত্র ও গাছপালাসহ সম্ভাব্য জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। ওই গ্রামের ভাঙন কবলিত মানুষরা বলেন, নদীতে পানি বাড়ার সাথে সাথেই এলাকায় ভাঙন শুরু হয়। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে ভাঙন কবলিত পরিবার গুলো পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল বাংলাদেশ বুলেটিন ২৪ কে জানান, এবারের ভাঙনে পিপুলিয়া গ্রামে এ পর্যন্ত ৩ শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। গৃহহীন পরিবারগুলো উঁচুস্থানে অথবা অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। ভাঙন কবলিত এলাকার লোকজনের মাঝে জিআর ও ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থসহ চাল বিতরণ করা হয়েছে।
Leave a Reply