মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
চোর পুলিশ খেলার মত মাদারগঞ্জে পালিত হচ্ছে লকডাউন। আইন-শৃংখলা বাহিনীর লোকজনকে দেখলেই বন্ধ করে দেয়া হচ্ছে দোকানের সাটার। আবার মোবাইল টিমের বহর চলে গেলেই সাটার খুলছেন ব্যবসায়ীরা। এভাবে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন।
প্রধান সড়কের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলির দোকানপাট খোলা রয়েছে আগের নিয়মে। সামাজিক ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দোকান নিয়ে বসতে দেখা গেছে হকারদের। ক্রেতাদের অনেকে মাস্ক পরলেও বিক্রেতারা এক্ষেত্রে উদাসীন।
মাস্ক ছাড়া স্বাভাবিকভাবেই চলাফেরা করছে মানুষ।শহরে ইজিবাইক, সিএনজি, লেগুনা আগের মতোই যাতায়াত করেছে স্বাভাবিক নিয়মে।স্বাস্থ্যবিধি না মেনে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী।রাস্তায় মানুষেরও উপস্থিতিও ছিল স্বাভাবিক।
তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
উপজেলার সচেতন মহলের দাবী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মাঠে থাকাটা এ অবস্থায় বেশ জরুরী। এমনটা হলে উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট উন্নতি হত এবং প্রকৃত অর্থেই লকডাউন কার্যকর হত।
ক্যাপশনঃ বিধিনিষেধ উপেক্ষা করে অধিকাংশ দোকান খোলা রেখেছে বালিজুড়ী বাজারের ব্যবসায়ীরা।
Leave a Reply