এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলায় কঠোর লকডাউনে আরোপিত বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫১টি ইজিবাইক ও সিএনজি গাড়ি আটক করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ জুলাই) কঠোর লকডাউনের ৩য় দিনে উখিয়ায় বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ প্রতিরোধে উখিয়া থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সিপিপি ভলান্টিয়ারসহ সকলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউনে আরোপিত বিধি-নিষেধ ভঙ্গ করে যে সকল ইজিবাইক ও সিএনজি চালক রাস্তায় বের হয়েছে তাদের গাড়িগুলো আটক করা হয়।আর যে সকল দোকানদার দোকান খুলেছে এবং যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছে তাদেরকে ১৮,৭০০ টাকা জরিমানা আদায় করে ১৫ টি মামলায় ২৩ জনকে দন্ডিত করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্যকারী ইজিবাইক ও সিএনজি গুলো কঠোর লকডাউন শেষ (আগামী ৫ই আগস্ট) পর্যন্ত আটক রেখে চালকদের জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চলমান এ কঠোর লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে উখিয়া উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি সর্বসাধারণকে নিজের পাশাপাশি দেশ ও জাতির সুরক্ষায় কঠোর লকডাউন চলাকালীন ঘরে অবস্থান করার আহবান জানান।
Leave a Reply